গাজী মামুন, লালমাই।। কুমিল্লার লালমাই থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগ দিয়েছেন মো. মিজানুর রহমান। গত বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে তিনি থানায় উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
নারায়ণগঞ্জের আড়াইহাজার সদরে জন্মগ্রহণ করা এই পুলিশ কর্মকর্তা ২০১২ সালে ৩৩ তম আউটসাইড ক্যাডেট ব্যাচে উপপরিদর্শক (এসআই) হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। দীর্ঘ এক যুগেরও অধিক পেশাগত অভিজ্ঞতায় তিনি বিভিন্ন থানা ও ইউনিটে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), ফেনী শহর পুলিশ ফাঁড়ি ও কুমিল্লা কোতোয়ালী মডেল থানার অধীন ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। লালমাই থানায় দায়িত্ব গ্রহণের পর নতুন ওসি থানার সকল কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।
দায়িত্ব গ্রহণের পর ওসি মিজানুর রহমান বলেন, লালমাই থানা এলাকায় জনগণের জানমালের নিরাপত্তা বিধান করা আমার পবিত্র দায়িত্ব। আমার নিকট উঁচু-নিচু, ধনী-দরিদ্র সকলে সমান সেবা পাবে। থানা এলাকাকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অনলাইন জুয়ামুক্ত রাখতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সবার সহযোগিতা প্রয়োজন। এলাকাবাসীর নিকট সেই সহযোগিতাই আমি কামনা করছি। লালমাইবাসী তাদের প্রয়োজনে দিন-রাত চব্বিশ ঘণ্টাই আমাকে পাশে পাবে এবং আমার সাথে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারবে।