
গাজী মামুন, লালমাই।। রং-বেরঙের ফুল দিয়ে সুসজ্জিত করা হয়েছে ঘোড়ার গাড়ি। প্রস্তুত রাখা হয়েছে ফুলের তোড়া এবং সম্মাননা। এলাকার সকল মুসল্লিরা তৈরি হয়ে এসেছেন মসজিদের আঙ্গিনায়। পুরো আয়োজনটি ছিল কুমিল্লা লালমাই উপজেলার দুতিয়াপুর লোটাস পল্লী জামে মসজিদের সদ্য বিদায়ী শতবর্ষী ইমাম আলহাজ্ব শরাফত আলীর বিদায় সংবর্ধনায়।
১৯৪৪ সাল থেকে দুতিয়াপুর গ্রামের বিভিন্ন মসজিদে প্রায় ৮০ বছর ইমামতি করেছেন শরাফত আলী। সর্বশেষ লোটাস পল্লী জামে মসজিদে প্রায় ১৯ বছর ইমামতির পর ১০০ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে অবসর নিয়েছেন তিনি। বিদায়বেলায় স্থানীয়দের কাছ থেকে পেলেন এমন রাজকীয় সংবর্ধনা। ঘোড়ার গাড়িতে চড়িয়ে তাকে বাড়িতে পৌঁছে দেন এলাকাবাসী। বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে লোটাস পল্লী দারুল উলুম লাওহে মাহফুজ মাদ্রাসার প্রতিষ্ঠাতা আবুল কাশেম চেয়ারম্যানের উদ্যোগে মাদ্রাসা কমপ্লেক্সের সামনেই শতবর্ষী ইমামকে এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এ সময় স্থানীয়দের পক্ষ থেকে শতবর্ষী ইমামের হাতে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দেন দুতিয়াপুরের কৃতি সন্তান, সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি। বিদায় বেলায় ইমামকে নগদ টাকা এবং নানা উপহারসামগ্রীও দেন স্থানীয়রা।