গাজী মামুন, লালমাই।। কুমিল্লার লালমাইয়ে চেক জালিয়াতির ৫টি পৃথক মামলা ও ১ কোটি টাকা অর্থদন্ডে দন্ডিত সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. সুজন আহমেদ (৩৮) কে গ্রেফতার করেছে লালমাই থানা পুলিশ। আটক সুজন উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের বেলঘর গ্রামের নুরুল ইসলামের ছেলে।
মঙ্গলবার (৩ মার্চ) লালমাই থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. নুরুজ্জামানের সার্বিক তত্বাবধানে এসআই আব্দুল্লাহ আল ফারুকের নেত্বত্বে এএসআই রাকিবুল হাছান ও সঙ্গীয় ফোর্সসহ তথ্য প্রযুক্তির সহায়তায় জেলার বুড়িচং থানার দেবপুর এলাকা হতে তাকে গ্রেফতার করে।
জানা যায়, আটক সুজন গত এক যুগ ধরে এলাকায় বিভিন্ন মানুষের সাথে ব্যবসায়িক লেনদেনে প্রতারণা, ঋণ গ্রহণ করে ফেরত না দেয়া, সম্পত্তি বা পণ্য ক্রয়ের ক্ষেত্রে আর্থিক প্রতারণা করে আসছে। তার আটকের খবরে এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
আবদুল্লাহ আল শাহিন নামে বেলঘর গ্রামের এক বাসিন্দা জানান, গত তিন বছর পূর্বে সুজন বেলঘর বাজারে তার একটি হার্ডওয়্যার দোকান বিক্রির কথা বলে স্ট্যাম্পের মাধ্যমে স্বাক্ষর করে আমাদের কাছ থেকে ৫ লাখ টাকা নিয়ে যায়। পরবর্তীতে দোকান বুঝিয়ে দেওয়ার আগেই সে পালিয়ে প্রবাসে চলে যায়। পরে সে ওই দোকানটি অন্যত্র বিক্রি করতে গেলে আমরা বাঁধা দিলে সে টাকাটি ফেরত দিবে বলে অঙ্গীকার করে। কিন্তু সে আজও টাকাটি ফেরত দেয়নি। আমরা এ ঘটনায় ওই সময় লালমাই থানায় লিখিত অভিযোগও করেছিলাম।
বিষয়টি নিশ্চিত করে লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান জানান, আটক আসামির বিরুদ্ধে চেক জালিয়াতির ঘটনায় সিআর-৭০৬/২০, সিআর-১৩৩/২১, সিআর-৭০৮/২১, সিআর-২০০/২১ ও ১৫/২২, এনআই অ্যাক্টের ১৩৮ ধারার পৃথক ৫টি সাজা পরোয়ানা মুলতুবি ছিল। আটককৃত আসামি দীর্ঘদিন ধরে গ্রেফতার এড়ানোর উদ্দেশ্যে লালমাই থানা এলাকার বাহিরে আত্মগোপনে ছিল। আদালতের নির্দেশে লালমাই থানার একটি আভিযানিক টিম তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে আসামিকে আটক করে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।