
গাজী মামুন, লালমাই।। কুমিল্লা লালমাই উপজেলার পেরুল উত্তরের মধ্য ছিলোনিয়া এলাকায় সুমাইয়া আক্তার রিয়া (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (১২ ফেব্রুয়ারি) রাত অনুমান ৯টার দিকে নিহতের নানা বাড়ি মধ্য ছিলোনিয়ার আবদুল খালেক এর বসতঘরে এ ঘটনা ঘটে। নিহত রিয়া পাশ্ববর্তী চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের রামপুর এলাকার হিরণ মিয়ার মেয়ে। হরিশ্চর ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজ থেকে ব্যবসা শিক্ষা শাখায় এ বছর এসএসসি পরীক্ষা দেয়ার কথা ছিল তার।
পরিবারসূত্রে জানা যায়, বাবার বাড়ি চৌদ্দগ্রাম হলেও ছোট বেলা থেকেই রিয়ার বেড়ে উঠা নানা বাড়িতে। গত দুই বছর পূর্বে নানা বাড়ি থেকে লাকসাম খিলা রাজাপুর এলাকার প্রবাসী কাউছার আলমের সাথে পারিবারিকভাবে বিয়ে হয় তার। বিয়ের পর থেকে স্বামীর বাড়িতে থাকলেও এসএসসি পরীক্ষা দেয়ার জন্য রবিবার নানা বাড়ি আসে সে। আত্মহত্যার দিনও সে বিদ্যালয়ে গিয়েছিল এবং সন্ধ্যায় প্রাইভেট পড়েছিল। আত্মহত্যার আগে স্বামীর সাথে ফোনে কথা বলবে বলে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে রান্নাঘরে শুয়ে পড়ে রিয়া। পরে রান্নাঘরে রিয়ার ঝুলন্ত লাশ দেখতে পায় তার নানী। বিষয়টি স্থানীয় ইউপি মেম্বারকে জানালে তিনি পুলিশে খবর দেয় এবং পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
লালমাই থানার এসআই আশ্রাফ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামীর বাড়ি থেকে নানা বাড়ি এসে পরীক্ষা দিয়েও যদি রেজাল্ট খারাপ হয় আত্মসম্মান তো থাকবে না, এমন আশংকায় হয়তো আত্মহত্যা করতে পারে।
লালমাই থানার ওসি আবদুল্লাহ আল মাহফুজ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।