
গাজী মামুন, লালমাই।। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ (সদর দক্ষিণ, লালমাই, নাঙ্গলকোট) আসন থেকে পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের সভাপতি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল)।
জানা গেছে, নৌকা প্রতীকের বিজয়ী প্রার্থী লোটাস কামাল পেয়েছেন ২ লাখ ৩২ হাজার ৬৯৯ ভোট। অপরদিকে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের প্রার্থী জোনাকী হুমায়ুন ৮ হাজার ৫৪৮ ভোট, ডাব প্রতীকের প্রার্থী মোহাম্মদ কামরুজ্জামান ২ হাজার ৬০৯ ভোট, একতারা প্রতীকের প্রার্থী অহিদুর রহমান ২ হাজার ২৫৭ ভোট, উদীয়মান সূর্য প্রতীকের প্রার্থী শহীদুল ইসলাম ১ হাজার ১১৪ ভোট পেয়েছেন।
ধারাবাহিক এই বিজয় সম্পর্কে এমপি লোটাস কামাল বলেন, আমি মানুষকে ভালোবাসি। তাই মানুষও আমাকে ভালোবেসে পঞ্চমবারের মতো ভোট দিয়ে এমপি বানিয়েছে। গত ১৫ বছরে সদর দক্ষিণ, লালমাই ও নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক উন্নয়ন করেছি। তাই জনগণ এবারও আমাকে নিরঙ্কুশভাবে ভোট দিয়েছে।